প্রতিবেদক: মোঃ ইয়াছিন পালোয়ান
একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চাঁদপুরের অদম্য তরুণ মোঃ নুরনবী হোসাইন। দেশব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মোঃ নুরনবী হোসাইনের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার পশ্চিম বাগাদী গ্রামে। নিজ গ্রাম ও এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ছুটে গিয়ে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং পরিচ্ছন্ন সমাজ গঠনের এই ইতিবাচক বার্তা চারদিকে ছড়িয়ে দিচ্ছেন।
নিজের এই উদ্যোগ সম্পর্কে নুরনবী হোসাইন বলেন, "বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্বশীল হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে তা ফেলার সুঅভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই।"
তিনি আরও বলেন, "পরিচ্ছন্নতা কোনো একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়; এটি একটি বৃহত্তর সামাজিক আন্দোলন। এই আন্দোলনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।" তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, "আসুন, আজ থেকেই প্রতিজ্ঞা করি— নিজেরা পরিচ্ছন্ন থাকবো, পরিবেশ পরিষ্কার রাখবো এবং একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাই একসাথে কাজ করবো।"
নুরনবীর এমন নিঃস্বার্থ উদ্যোগের প্রশংসা করে স্থানীয় এক সমাজকর্মী বলেন, "নুরনবী হোসাইনের মতো তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। একটি সুন্দর দেশ গড়তে শুধু সরকারের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না, সাধারণ মানুষকেও নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। তার এই কার্যক্রম নিঃসন্দেহে সমাজের অন্য তরুণদেরও অনুপ্রাণিত করবে।"
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’— এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে ইনশাআল্লাহ আগামীতে একটি স্বাস্থ্যসম্মত, দূষণমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মোঃ নুরনবী হোসাইন।
মন্তব্য করুন