কে এম তৈয়ব আলী হীরা: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাণ্ডালপুর গ্রামে গরুর মলের দূষণে একটি মৎস খামারের পুকুরে ব্যাপকহারে মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মৎস খামারী আইয়ূব আলীর দাবি, পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে গরুর মল ও বর্জ্য সরাসরি তার খামারের পুকুরে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই পুকুরের পানির রং ও গন্ধ পরিবর্তন হতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই পুকুরে থাকা মাছ একে একে মরতে শুরু করে এবং ভেসে ওঠে। এতে খামারী আইয়ূব আলীর ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ ঘটনায় আইয়ূব আলী ধনবাড়ী উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গ্রহণ করা হলেও এখন পর্যন্ত সরেজমিন তদন্ত বা কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এমন পরিবেশ দূষণের ঘটনা আরও বাড়তে পারে এবং মৎস খামারীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
মন্তব্য করুন